সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিভিন্ন নদ-নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত শুল্ক আদায় ও শ্রমিকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে হাজারো নৌযান মালিক-শ্রমিক ও ব্যবসায়ীদের উপস্থিতিতে এ কর্মসূচি পালিত হয়।
জামালগঞ্জ মিনি স্টোন ক্রাশার সমিতি’র সভাপতি হোসেন আহমদ লালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অমিরুল হক’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সমিতির সদস্য ও পাথর ব্যবসায়ী জসিম উদ্দিন, লোকমান হোসেন, নূর নবী, কবির হোসেন, আমিরুল হক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জামালগঞ্জের বিভিন্ন নদ-নদীতে সরকারি গেজেট অমান্য করে অতিরিক্ত হারে শুল্ক আদায় করা হচ্ছে। যেখানে গেজেটে প্রতিঘনফুটে ৫০ পয়সা শল্ক আদায়ের কথা উল্ল্যেখ রয়েছে সেখানে প্রতি ঘনফুটে ২ টাকা ৮০ পয়সা হারে শুল্ক আদায় করা হচ্ছে। লোড-আনলোডে একবার শুল্ক আদায়ের কথা থাকলেও ইজারাদার কর্তৃপক্ষ দুইবারে মোট ৫ টাকা ৬০ পয়সা হারে শুল্ক আদায় করছে। যেটা শুল্ক আদায়ের নামে নিরব চাঁদাবাজি।
বক্তারা অভিযোগ করে বলেন, গত কয়েকদিন আগে আমরা অতিরিক্ত শুল্ক আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় ইজারাদার কর্তপক্ষ ভিন্ন কৌশল অবলম্বন করে প্রশাসন দিয়ে আমাদের ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি করছে। পরিবেশ অধিদপ্তর, নৌ-পুলিশ দ্বারা ব্যবসায়ীদের হয়রানিসহ জরিমানা করছে। এতে যদি ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে ব্যবসা বন্ধ করে দেন তাহলে ব্যবসায়ীরা না খেয়ে মরবে না। ২০ হাজার শ্রমিকের পেটে লাথি পড়বে। পরিবার-পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে অসহায় শ্রমিকদের। জীবিকা নির্বাহ নিয়ে সৃষ্টি হবে অনিশ্চয়তা।
তাই ২০ হাজার শ্রমিকের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করে তাদের জীবিকার নিশ্চয়তা প্রদান করা নতুবা ইজারাদার কর্তৃক অতিরিক্ত শুল্ক আদায় ও ব্যবসায়ী-শ্রমিকদের হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।